প্রধানমন্ত্রী কথায় নন, কাজে বিশ্বাসী : পানি প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের নারীদের যৌতুকের কারণে যাতে সংসার ভেঙে না যায়, সেজন্য নারী নির্যাতন বন্ধ করতে ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নতুন আইন করা হবে।’

Location :

Boda
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কথায় বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন।’

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ধানহাটিতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপির সরকার জনগণের সরকার। আমাদের সরকারের বয়স কেবল ছয় মাস। ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকার চুরি করে, একনায়কতন্ত্র কায়েম করে, ফ্যাসিস্ট আচরণ করে বাংলাদেশকে অগণতান্ত্রিক ও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। কাজেই এসব মেরামত করতে সরকারের একটু সময় লাগবে।’

তিনি বলেন, ‘আমাদের দেশের নারীদের যৌতুকের কারণে যাতে সংসার ভেঙে না যায়, সেজন্য নারী নির্যাতন বন্ধ করতে ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নতুন আইন করা হবে। এর মধ্য দিয়ে আমাদের মা ও বোনেরা সুখের সংসার করতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘আগামীতে আমাদের মেয়েরা অনার্স ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন।’

এ সময় জেলা, উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের সর্বস্তরের মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে একটি র‍্যালি বের হয়ে বোদা বাজারের ধানহাটি থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‍্যালিতে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।