ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৪ মেশিন ও ৫ হাজার ফুট পাইপ ধ্বংস

‘ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৪টি শ্যালো মেশিন ও প্রায় ৫ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

শনিবার (৩০ মে ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করেরহাট ইউনিয়নের ফেনী নদী সংলগ্ন মোল্লারঘাট এলাকা, অলিনগর থেকে লিচুতলা বাজার এবং পূর্ব অলিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন পয়েন্টে-পল্টুনে স্থাপিত ৮টি এবং নদীর পাড়ে বিভিন্ন কৌশলে লুকিয়ে রাখা আরো ৬টি শ্যালো মেশিনসহ মোট ১৪টি মেশিন ধ্বংস করা হয়। একইসাথে প্রায় ৫ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। এ ছাড়া একাধিক স্থানে মেশিন স্থাপনের জন্য ব্যবহৃত পল্টুন, পাইপ, ভাসমান ড্রামসহ অন্যান্য অবকাঠামোও ধ্বংস করা হয়েছে।

অভিযানে করেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, অভিযান পরিচালিত স্থানগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা আগেই সরে যায়। ফলে কাউকে আটক করে মোবাইল কোর্টের আওতায় আনা সম্ভব হয়নি। তবে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।