ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক সেবনের সময় পুলিশের হাতে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ (২২) ও একই গ্রামের মোজাফফর মিয়ার ছেলে আলাল উদ্দিন (৪৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চরচারতলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদক সেবনরত অবস্থায় দু’জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ওই সাজা দেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার, ভূমি) কাজী রবিউস সারোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুভকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে আলাল উদ্দিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আটক শুভর বিরুদ্ধে মাদককারবারি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি আদালত থেকে জামিনে ছিলেন।’
ওসি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।’



