সাটুরিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় পুকুর ঘাটে তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে ৫২ বছর বয়সী অধীর মণি দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অসহায় ও এতিম ওই শিশুটি বর্তমানে তার চাচার বাড়িতে বড় হচ্ছিল।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
সাটুরিয়া থানা
সাটুরিয়া থানা |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ার তৃতীয় শ্রেণির শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে অধীর মণি দাস (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল সোমবার (১ জুন) দুপুরে দড়গ্রাম এলাকায় পুকুর ঘাটে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত অধীর মণি দাস দড়গ্রাম ঋষিপাড়া এলাকার পরলোকগত রাজেন্দ্র মণি দাসের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে শিশুটি একই এলাকার চন্দন মণি দাসের বসতবাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যায়। ওই সময় পুকুর ঘাটে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত অধীর মণি দাস সেখানে গিয়ে শিশুটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান। পরে শিশুটি নিজেকে রক্ষা করে বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সদস্য মিনতি মণি দাসকে বিষয়টি খুলে বলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির মা মালতী মণি দাস বেশ কিছুদিন আগে মারা গেছেন এবং বাবা অকুল মণি দাস অন্যত্র বিয়ে করে আলাদা বসবাস করছেন। অসহায় শিশুটি বর্তমানে তার চাচা নেপাল মণি দাসের বাড়িতে থেকে বড় হচ্ছিল।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।