বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মো: আরেফিন (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহরের বালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আরেফিন বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামলি হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায় আরেফিন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। ঘটনার পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়রাও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তল্লাশিতে অংশ নেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহেদ পারভেজ জানিয়েছে, নদীতে প্রবল স্রোতের কারণে তল্লাশিতে বেগ পেতে হচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়েছে।



