ঝালকাঠির নলছিটিতে মুরগীবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কায় মো: ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মরহুম মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে মুরগীবাহী দ্রুতগতির একটি পিকআপ বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হেলপার ইমরান নিহত হন। এ ঘটনায় ড্রাইভারসহ গুরুতর আহত আরো তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘হাইওয়ে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।’



