নড়াইলের লোহাগড়ার নলদী ইউনিয়নের ইছামতির বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল বিশ্বাস (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহীদ শেখ (৪০) নামে অরো কৃষক আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের ইছামতীর বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মারা যাওয়া বাবুল বিশ্বাস উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে। অন্যদিকে, আহত শহীদ শেখ (৪০) একই গ্রামের পনা শেখের ছেলে।
নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নলদী ইউনিয়নের ইছামতী বিলে মাছ ধরতে যান বাবুল বিশ্বাস ও শহীদ শেখ। এ সময় বজ্রপাতে বাবুল বিশ্বাস ও শহীদ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত শহীদ শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



