সিলেটে ফের হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৪৮

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

একদিন মৃত্যুহীন থাকার পর সিলেটে ফের হামে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১৪৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এনিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে।

এর আগে সোমবার কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় মৃত্যুর সংখ্যা ১৫২ জনে স্থির ছিল। একদিন পরই নতুন করে দুই শিশুর মৃত্যু হলো। ওসমানী হাসপাতালে মৃত্যুবরণকারী ৫ মাস বয়সী শিশু আয়ান সিলেট সদর উপজেলার এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী ১২ মাস বয়সী শিশু ইব্রাহিম হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৪৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, সিলেটের ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে আটজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪ জন, সিলেটের ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, হবিগঞ্জের ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর হিসাবে সিলেটে ৬১, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২১ এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মোট ১৫৪ মৃত্যুর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, একদিন মৃত্যুহীন থাকার পর ফের দুই শিশুর মৃত্যু উদ্বেগজনক।

একই সাথে প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় এনে জটিলতা প্রতিরোধে গুরুত্ব দেয়া হচ্ছে।