রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করে এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।
এসময় দোয়া ও মোনাজাত করা হয়। এরআগে তিনি সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বৃক্ষরোপণ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন কার্যক্রমে অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মাহমুদ হোসেন, এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদফতর, রাজশাহীর কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ৬ তলাবিশিষ্ট নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ আরো সমৃদ্ধ হবে। পাশাপাশি অ্যালামনাই কার্যালয়ের কারণে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের যোগাযোগ ও কার্যক্রম আরো সুসংহত হবে।



