দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রুবেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের টেংরাগঞ্জ সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ ব্লাস্ট হলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি মোটরসাইকেলকে ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে মোটরসাইকেলসহ রুবেল মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



