নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে রাতভার মাদকবিরোধী ও অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাঁচজনকে কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে রাত ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিংড়ার বারোইহাটি গ্রামের মো: মোসলেমের ছেলে মো: সেলিম (৪০) ও খোরশেদ আলমের ছেলে মো: সেন্টু প্রামাণিক (৩০)। তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। একই এলাকার আসাদুজ্জামানের ছেলে মো: মিল্লাত (১৯), আফজাল হোসেনের ছেলে মো: রাকিব হোসেন (২৫) ও মো: শফিকুল ইসলামের ছেলে মো: স্বাধীনকে (১৯) সাত দিন করে কারাদণ্ড দেয়া হয়। তাদের মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্য ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধ মাছ শিকারের দায়ে বড়বারইহাটি গ্রামের ফেলু প্রামাণিকের ছেলে মো: মহসিনকে (৬০) নয় হাজার টাকা ও ঢাকঢোল গ্রামের মরহুম আসিরের ছেলে মো: চান্দুকে (৫৪) ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী নগরমাঝগ্রাম গ্রামের আফজালের ছেলে মো: সোহানকে (২১) ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং পোনা মাছ নিধন রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



