নড়াইলে সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার নামে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা হাসপাতালে নিহত বৃদ্ধের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
গ্রেফতার আসামিরা উপজেলার আগদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত আজমল বিশ্বাসের বাড়ির টিউবওয়েলের ব্যবহৃত পানি প্রতিনিয়ত সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে গত মঙ্গলবার ভোরে আজমল বিশ্বাসসহ তার পরিবারের লোকজন সাইফুল বিশ্বাসকে পিটিয়ে আহত করেন।
গুরুতর আহত সাইফুলকে নড়াইল জেলা সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহত সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



