শীতলক্ষ্যায় ডুবে প্রাণ গেল ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের

নিহত ২৬ বছর বয়সী সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারকাজে তিনি নিয়মিত অংশ নিতেন। গত মাসে সিদ্ধিরগঞ্জের একটি লেকে গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধারের অভিযানেও তিনি দায়িত্ব পালন করেন।

Location :

Narayanganj

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য সাদিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জ এলাকার ফায়ার ঘাটে ফায়ার সার্ভিসের পন্টুনের সামনে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

নিহত ২৬ বছর বয়সী সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারকাজে তিনি নিয়মিত অংশ নিতেন। গত মাসে সিদ্ধিরগঞ্জের একটি লেকে গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধারের অভিযানেও তিনি দায়িত্ব পালন করেন।

সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তিনি আশরাফ উদ্দিনের ছেলে। সহকর্মীরা জানান, গত বছর তিনি ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি হিসেবে পদক লাভ করেছিলেন।

উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নদী ফায়ার স্টেশনের জেটির সামনে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের সময় তিনজন সদস্য স্পিডবোটে ছিলেন। বোটের সামনের দিকে অবস্থান করা সাদিক ঢেউয়ের কারণে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।

তিনি বলেন, “সহকর্মীদের বর্ণনা অনুযায়ী, পানিতে পড়ার সময় সাদিকের মাথায় আঘাত লেগে থাকতে পারে। তিনি একজন প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। কোনো আঘাত না পেলে এভাবে নিখোঁজ হওয়ার কথা নয়।”

সাদিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্ট গার্ডের সদস্যরাও শীতলক্ষ্যা নদীতে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় আট ঘণ্টার চেষ্টার পর তার লাশ উদ্ধার করা হয়।