সিলেটে হজরত শাহজালাল রহ:-এর মাজার দানবাক্স খুলে প্রকাশ্যে গণনার সময় ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে হজরত শাহজালাল রহ:-এর মাজারসহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সভায় জানানো হয়, শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদরাসার শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এ গণনা কার্যক্রম পরিচালিত হবে।
সভায় জানানো হয়, গণনাকারীরা কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত স্থান ত্যাগ করতে পারবেন না। গণনা শেষে সব টাকা জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেয়া হবে।
সভা শেষে কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দরগাহ, মসজিদ, মাদ্রাসা ও মাজারকেন্দ্রিক কার্যক্রমে কীভাবে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সে বিষয়ে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের সভায় সেগুলো চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, আগামী শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এ কার্যক্রম পরিচালিত হবে।
সভায় বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, শাহজালাল (রহ:) দরগাহ শরীফের সরেকওম ফতেহ উল্লাহ আল আমান ও খাদেম মুফতি রায়হান উদ্দিন মুন্না, দরগাহ জামে মসজিদের সেক্রেটারি মুফতি এম এ হাসান ও জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা মাসুক উদ্দিন উপস্থিত ছিলেন।



