মৌলভীবাজারের বড়লেখায় একটি খাল থেকে এক নবজাতক কন্যাশিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশে একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের মৃত্যুর কারণ ও বিভাবে লাশটি খালে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



