প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ মেলেনি : মাদারীপুর পুলিশ সুপার

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা হলো, সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে এসে পেছনের গাড়ির গ্লাসের উপর পড়ে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান
সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান |নয়া দিগন্ত

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ মেলেনি বলে দাবি করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। তিনি বলেন, সড়কে পড়ে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে এসে পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে মাদারীপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন ।

পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে সড়ক পথে গাড়িবহর নিয়ে বরিশালের উদ্দেশে রাজধানী ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গাড়িবহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় আসলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে এসে পড়ে।

তিনি বলেন, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। পরে প্রশাসনের নজরে আসলে বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র‌্যাব, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা হলো, সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে এসে পেছনের গাড়ির গ্লাসের উপর পড়ে।

পুলিশ সুপার আরো বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ওই ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তার ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন।

তিনি বলেন, ওই যুবক প্রধানমন্ত্রীর আসার পরেও একটানা ভিডিও করেছে। তাকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত, সড়েক থাকা ইটের টুকরো ছিটকে এসে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।