পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে সিএনজি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

যাত্রী ও চালকের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে গতকাল বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

Location :

Pakundia
পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে সিএনজি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে সিএনজি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ |নয়া দিগন্ত

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

যাত্রী ও চালকের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে গতকাল বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বাড়তি ভাড়া দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জগামী এক নারী যাত্রীর সঙ্গে পেছনের সিটে বসা নিয়ে চালকের দ্বন্দ্ব হয়। খবর পেয়ে ওই নারীর স্বামী পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সদস্য সচিব আব্দুল হাকিম এসে চালকের কাছে এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন চালক মিলে তাকে মারধর করে এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা ছুটে এলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে চালকেরা সরে পড়ে। ফলে গতকাল বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

একাধিক যাত্রী জানান, কোনো পূর্বঘোষণা ছাড়া হঠাৎ এভাবে গাড়ি চলাচল বন্ধ করে দেয়াটা ঠিক হয়নি। সিএনজি না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। দ্রুত এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে ভুক্তভোগী বাজার বণিক সমিতির সদস্য সচিব মো. আব্দুল হাকিম জানান, একটি সিএনজিচালিত অটোরিকশায় আমার স্ত্রী মেয়েকে নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় পেছনের সিটে বসা নিয়ে চালকের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চালক আমার স্ত্রীর সাথে অসদাচরণ করে। খবর পেয়ে আমি স্ট্যান্ডে এসে এর প্রতিবাদ করায় কয়েকজন সিএনজি চালক মিলে আমার ওপর আক্রমণ করে এবং আমার জামাকাপড় ছিঁড়ে ফেলে। বিষয়টি জানতে পেরে আমার স্বজনরা ছুটে এলে সিএনজি চালকেরা পালিয়ে যায়।

পাকুন্দিয়া সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল মাস্টার মো. জীবন মিয়া ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি স্ট্যান্ডে উপস্থিত ছিলাম না। শুনেছি কিশোরগঞ্জের কয়েকজন চালক মিলে পাকুন্দিয়ার এক যাত্রীকে মারধর করেছে। এ নিয়ে কিশোরগঞ্জের চালকদের সঙ্গে পাকুন্দিয়ার চালকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই সিএনজি চলাচল বন্ধ রয়েছে।

জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেল থেকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জকে নিয়ে একটি মিটিং করা হয়েছে। দ্রুত সিএনজি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।