সাভার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার সাভারে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভার মডেল মসজিদের সামনে ঢাকা জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে জুলাই আহত যোদ্ধা মেহেদী হাসান ও যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল হুইলচেয়ারে চড়ে অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, শহীদ ও আহতদের অধিকার আদায় করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ শহীদদের আত্মত্যাগের কারণেই আপনারা আজ সরকারে গেছেন, আর আমরা বিরোধী দলে এসেছি। কিন্তু যারা শহীদ হয়েছেন তারা আর আমাদের মাঝে ফিরে আসবেন না। রাষ্ট্র ও সমাজকে অবশ্যই তাঁদের সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা, জাকসুর সাবেক জিএস মাজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের শহীদদের হত্যাকারীদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে এবং একই সাথে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লাহ, জামায়াতের সাভার পৌরসভা আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের এবং শহীদ আলিফের পিতা বুলবুল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা সেক্রেটারি শরিফুল ইসলাম, সাভার পৌর সেক্রেটারি আব্দুস সালামসহ স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।



