আনোয়ারুল আলম চৌধুরী

গণঅভ্যুত্থানকে মানুষের মন থেকে মুছে দিতে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত

‘গণভোটের গণরায় বাস্তবায়নে জনগণ এখনো সরকারের দিকে চেয়ে আছে। কিন্তু জনগণকে তোয়াক্কা না করে সরকার বড় ধরনের ভুল করছে।’

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আনোয়ারুল আলম চৌধুরী
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আনোয়ারুল আলম চৌধুরী |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়নে জনগণ এখনো সরকারের দিকে চেয়ে আছে। কিন্তু জনগণকে তোয়াক্কা না করে সরকার বড় ধরনের ভুল করছে। সরকারের উচিত গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা। আমরা লক্ষ্য করছি, জুলাই গণঅভ্যুত্থানকে মানুষের মন থেকে মুছে দিতে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’

বুধবার (২২ জুলাই) নগরীর বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলমসহ উপজেলা ও থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।

আনোয়ারুল আলম চৌধুরী আরো বলেন, প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দিন দশেক পানির নিচে থাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বেশ কিছু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জামায়াতের দায়িত্বশীলগণ সামর্থ্য অনুযায়ী শুকনো বা রান্না করা খাবার নিয়ে বানভাসি মানুষের খোঁজখবর নেওয়ায় তাদের আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের বিপদে মুমিনদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, হাজার হাজার পরিবার ঘরহীন হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। তাদের পুনর্বাসন করার লক্ষ্যে জেলার পক্ষ থেকে ৯ সদস্যের ১টি পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ তৎপরতা বৃদ্ধি করা দরকার। আর সংগঠনের পক্ষ থেকে অতীতের ন্যায় জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান নিয়ে ত্রাণ সংগ্রহ অব্যাহত রাখলে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।