পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঈশ্বরদী প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিধি মোতাবেক সাবজেক্ট কমিটির পরামর্শে নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মো: জাহাঙ্গীর হোসেন ও দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ খান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা ও সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান।
সাধারণ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঈশ্বরদী প্রেসক্লাবকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, ‘প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অচিরেই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একইসাথে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে।’



