ভাঙ্গায় পুলিশের অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, একটি মামলায় আদালত সবুজ শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, লুৎফর মোল্লাও একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি।

Location :

Faridpur
ভাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেফতার ২ সাজাপ্রাপ্ত আসামি
ভাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেফতার ২ সাজাপ্রাপ্ত আসামি |নয়া দিগন্ত

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সরদারসহ দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন মানিকদহ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের সবুজ শেখ ওরফে সবুজ মাতুব্বর এবং আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদি গ্রামের লুৎফর মোল্লা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লুৎফর মোল্লা ও মঙ্গলবার রাতে সবুজ শেখ ওরফে সবুজ মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সাজাপ্রাপ্ত দুই আসামির গ্রেফতারে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি লুৎফর মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদি গ্রামের মৃত মোতালেব মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা ২৪১/২০২০ নম্বর সিআর মামলায় আদালত তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দেন। বুধবার দুপুরে এএসআই মো: আলমগীর হোসেন পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এর আগে, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ডাকাত সরদার সবুজ শেখ ওরফে সবুজ মাতুব্বরকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার মানিকদহ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের হবি ওরফে শেখ হাবিবুর রহমানের ছেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, সবুজ শেখ একজন পেশাদার ডাকাত এবং ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে ঢাকা জেলার কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, একটি মামলায় আদালত সবুজ শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, লুৎফর মোল্লাও একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতার দুই আসামিকে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।