মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর বাবার

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আমলিতলা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৪৮) নিহত হয়েছেন।

Location :

Madarganj
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর বাবার
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর বাবার |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আমলিতলা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৪৮) নিহত হয়েছেন।

তিনি উপজেলার আমলিতলা গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছেলে রাজনের জীবনে নেমে এসেছে এক গভীর শোকের অধ্যায়।

স্বজনরা জানান, চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ছেলে রাজনকে দেখতে বিল্লাল হোসেন ময়মনসিংহে গিয়েছিলেন। ছেলের সাথে কিছু সময় কাটিয়ে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি স্নেহভরে বলেন, ‘বাবা, সাবধানে থেকো, মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়ো।’ কিন্তু সেটিই ছিল বাবা-ছেলের শেষ কথা।

ফেরার পথে রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার আরো এক যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।

বাবার মৃত্যুর খবর পেয়ে এইচএসসি পরীক্ষার্থী রাজন কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। পরে লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিবেশী আশরাফুন্নাহার বলেন, ‘বিল্লাল হোসেন অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য তিনি নিরলস পরিশ্রম করতেন। তার অকালমৃত্যুতে পরিবারটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’