শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলোচিত গৃহবধূ রিগান আক্তার মীম হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডের অল্প সময়ের মধ্যেই তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।
এ ঘটনায় নিহতের জা কাজী সুমাইয়া আক্তার মিনাকে (২৩) গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, পারিবারিক প্রতিহিংসার জেরে কাজী সুমাইয়া আক্তার মিনা নিজেই বড় জা রিগান আক্তার মীমকে গলাটিপে হত্যা করেন। পরে ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আসামি কাজী সুমাইয়া আক্তার মিনা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পরপরই গুরুত্বের সাথে তদন্ত শুরু করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামতের ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



