‘যারা হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে, তারা বাংলাদেশে টিকতে পারবে না’

এই বাংলাদেশে ১৭ বছর হাসিনা জুলুম করেছে, তারা টিকতে পারে নাই, যারা মিডিয়ায় এসে জুলাইয়ের বিপক্ষে হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে তারাও বাংলাদেশে টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে এনসিপির সমাবেশে আখতার হোসেন
রংপুরে এনসিপির সমাবেশে আখতার হোসেন |সংগৃহীত

এই বাংলাদেশে ১৭ বছর হাসিনা জুলুম করেছে, তারা টিকতে পারে নাই, যারা মিডিয়ায় এসে জুলাইয়ের বিপক্ষে হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে তারাও বাংলাদেশে টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টায় রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির পদযাত্রা উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় আখতার অভিযোগ করে বলেন, ‘আজকে বাংলাদেশের নতুন জীবনের সূচনা হওয়ার দিন। দুই বছর আগে আবু সাঈদ জীবন দিয়েছিলেন। যার কারণে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ অনেকের পছন্দ হয় না। অনেকে মিডিয়ায় গিয়ে, মিডিয়া ব্যক্তিত্ব সেজে, সাংবাদিক সেজে, নানা ধরনের চিত্র অভিনেতা সেজে, তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেন। জুলাইয়ের যে বাংলাদেশ সেই বাংলাদেশ তাদের ভালো লাগে না। তাদের ভালো লাগে আওয়ামী লীগের ফ্যাসিবাদের শাসন।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদ শাসন যে মিডিয়াদের ভালো লাগে, যে সুশীল সমাজের ভালো লাগে, যে চিত্র কর্মীদের ভালো লাগে- তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলাদেশ ৫ আগস্টের আগের বাংলাদেশ না। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে ১৭ বছর ধরে হাসিনা জুলুম করেছে। তারা টিকতে পারে নাই।’

আখতার বলেন, ‘যারা মিডিয়ায় এসে জুলাইয়ের বিপক্ষে হাসিনার জুলুমের পক্ষে বয়ান উৎপাদন করে, তারাও বাংলাদেশে টিকতে পারবে না।’

সমাবেশে সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে, পদযাত্রা করে সমাবেশে যোগ দেন তারা। সেখানে কৃষ্ণ রঞ্জন বর্মনকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীও ঘোষণা করেন তারা।