ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানে সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।
সোমবার (৩১ আগস্ট) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএমপি কমিশনার কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো: গোলাম রুহুল কুদ্দুস ও ডিসি (উত্তর) মো: হাসান মোস্তফা স্বপন।
আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান ও কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ।
সাক্ষাৎকালে ৫ সেপ্টেম্বর লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
চট্টগ্রাম মহানগর জামায়াত নেতৃবৃন্দ সমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সিএমপি কমিশনারও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উভয় পক্ষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি সম্পন্ন করার বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।



