কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
গ্রেফতার মোজাম্মেল উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে গত ২৪ জুলাই বিরোধের জেরে জয়নালের পরিবার রাস্তার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে বিল্লালসহ পরিবারের সদস্যরা বাঁধা সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোজাম্মেল ধারালো অস্ত্র দিয়ে বিল্লালের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় বিল্লালকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগস্ট রাতে বিল্লালের মৃত্যু হয়।
এ ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি মোজাম্মেলকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব-৭-এর যৌথ টিম।
ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মোজাম্মেলকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’



