রংপুরে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ওসি জানান, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা বাইক চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই সব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে আরো অভিযান চালানো হচ্ছে।

Location :

Rangpur
তাজহাট থানায় উদ্ধার করা মোটরসাইকেলসহ গ্রেফতার দুই আসামি
তাজহাট থানায় উদ্ধার করা মোটরসাইকেলসহ গ্রেফতার দুই আসামি |নয়া দিগন্ত

রংপুর ব্যুরো

রংপুরে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় দুলাল মিয়া (৪০) ও তার ছেলে রাকিব মিয়াকে (২০) গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাজহাট থানার একটি টিম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি বাবা-ছেলের বাড়ি পীরগঞ্জের লালদিঘী ফতেহপুরের মকিমপুর এলাকায়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর তাজহাট আরাজী ধর্মদাস গ্রামের একটি মসজিদে জানাজার নামাজ পড়ার সময় নগরীর কোতয়ালী থানার দেওডোবা পাইকার পাড়ার মরহুম আতোয়ার রহমানের ছেলে সাঈদ ইসলামের নীল রঙের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেল হারিয়ে যায়। এ ঘটনায় তিনি তাজহাট থানায় একটি এজাহার দায়ের করেন।

তিনি বলেন, তদন্তের মাধ্যমে প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাজার এলাকা থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের হেফাজতে থাকা আরো একটি রেজিস্ট্রেশন বিহীন পালসার এনএস-১৬০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি জানান, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা বাইক চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই সব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে আরো অভিযান চালানো হচ্ছে।

পরে বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালত, তাজহাটে উপস্থাপন করা হলে বিচারক জামনি না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।