উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান আকস্মিকভাবে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম খান
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান আকস্মিকভাবে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদকে সঙ্গে নিয়ে তিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক এ পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মাওলানা রফিকুল ইসলাম খান হাসপাতালের ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা যথাযথ চিকিৎসাসেবা, ওষুধ, খাবারসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন। রোগীদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি।

এ সময় হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় সংসদ সদস্য। রোগীদের খাবারের মান আরও উন্নত করার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আরও সচেতন ও দায়িত্বশীল হলে রোগীরা উন্নত চিকিৎসাসেবা পেতেন। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অবহেলার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রোগীদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম মেনে নেওয়া হবে না।

হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। খাবারের মানের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাওলানা রফিকুল ইসলাম খান। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার যেন মানসম্মত ও স্বাস্থ্যসম্মত হয়, তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বাস্তব চিত্র সামনে আসবে এবং রোগীদের চিকিৎসাসেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তৎপর হবে।

পরিদর্শনকালে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।