ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠিতে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
ঝালকাঠিতে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি |নয়া দিগন্ত

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো: মদিন উদ্দিন।

এরপর শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো: মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বন সংরক্ষক ড. মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম ও সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ুন কবীর।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

ঝালকাঠি জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এবারের বৃক্ষমেলায় রয়েছে ১০টি স্টল। এসব স্টলে প্রায় ৪০০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় গাছপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।