দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

শুক্রবার দুপুরে সাইম তার চাচাদের সাথে নতুন বাস্তপুর গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সাইম গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Damurhuda
নিহত স্কুলছাত্র সাইম
নিহত স্কুলছাত্র সাইম |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র সাইমের (১৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাস্তপুর এলাকার মরাগাঙ নামক বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সাইম তার চাচাদের সাথে নতুন বাস্তপুর গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সাইম গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বিকেল পর্যন্ত পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল থেকে প্রায় দীর্ঘ দেড় ঘণ্টার নিবিড় ও যৌথ প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাস্তপুর মরাগাঙ বিল থেকে সাইমের লাশ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় কিশোরের লাশটি পানি থেকে উদ্ধার করা হয়েছে।