সিলেটে আগামীকাল ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসছে নতুন কর্মসূচি ঘোষণা

সমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরী ও বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চলছে। বিলবোর্ড, পোস্টার, লিফলেট বিতরণ, মিছিল ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় মাঠে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত চেয়ার রাখারও ব্যবস্থা করা হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটে আগামীকাল (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার দুপুর ২টায় ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন জোটের নেতারা।

রাজশাহী থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের ধারাবাহিক কর্মসূচির সমাপনী আয়োজন হবে সিলেটে।

জোটের নেতাদের মতে, এই সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নসহ দেশের আগামী দিনের রাজনীতি নিয়ে নতুন বার্তা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরী ও বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চলছে। বিলবোর্ড, পোস্টার, লিফলেট বিতরণ, মিছিল ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় মাঠে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত চেয়ার রাখারও ব্যবস্থা করা হয়েছে।

সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতারা সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন। তিনি মাঠের অবকাঠামোগতসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।

সমাবেশের প্রস্তুতি তদারকিতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

সমাবেশ সফল করতে সিলেটের ১১ দলীয় ঐক্যের নেতারা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে রয়েছেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহবায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বিডিপির মহানগর সভাপতি কবির আহমদ, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনসহ অন্য নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান।

এছাড়া ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।