জুলাই শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না : মু. ফখরুল ইসলাম

সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালি

‘সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ দূরে থাক, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গলাটিপে হত্যা করেছে ও জুলাইকে ভুলতে বসেছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালি
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালি |নয়া দিগন্ত

১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু আজও জুলাই শহীদদের পরিবারের কান্না থামেনি, এখনো শত শত আহত জুলাই যোদ্ধা ব্যাথায় কাতড়াচ্ছেন।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ দূরে থাক, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গলাটিপে হত্যা করেছে ও জুলাইকে ভুলতে বসেছে। তারা পবিত্র সংসদে বসে গণভোটের রায়কে বাতিল ও সংস্কারকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করেছে।’

‘কিন্তু আমরা জুলাইকে ভুলে যেতে দিবো না। জুলাই শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দল সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে,’ বলেন তিনি।

তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহীদের পরিবার, জুলাই যোদ্ধা ও আহতদের নিয়ে অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত র‌্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

র‌্যালিতে জুলাই শহীদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও আহতদের পাশাপাশি ১১ দলীয় ঐক্যে ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক প্রমুখ।

উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, এনসিপির সিলেট জেলা সদস্য সচিব কামরুল হাসান আরিফ ও জাগপার সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।

র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি জুলাই সনদ এবং গণরায়কে উপেক্ষা করে ক্ষমতায় ঠিকে থাকতে পারবে না। জুলাইকে ভুলে গেলে তাদের পরিণতিও খারাপ হবে। এদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। ১১ দলীয় ঐক্য জুলাই শহীদের পরিবার ও আহতদের পাশে রয়েছে।’

এছাড়া সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান জানান।