মউকের প্রথম চেয়ারম্যান মোতাহার : ১ বছরের চুক্তিতে নিয়োগ

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে তার সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
মোতাহার হোসেন তালুকদার
মোতাহার হোসেন তালুকদার |নয়া দিগন্ত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গঠিত হলো ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)। সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে তার সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

জানা গেছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে কার্যকর করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এর মাধ্যমে ময়মনসিংহ নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় নব-নিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত ও আধুনিক শহরে রূপ দিতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা চান। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।