জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্থগিত একটি পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সময়সূচিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিলেবাসের পত্রকোড ২১২১০৯ (ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক)-এর স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সময়সূচি প্রচার করা হচ্ছে। তবে প্রচারিত ওই সময়সূচিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাটির পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো সময়সূচি দেখে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হবে।
শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ সংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল মাধ্যম অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ।



