রূপগঞ্জে ৪৪ বস্তা চিনি ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

রূপগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চিনি ও একটি ট্রাকসহ ওই তিনজনকে গ্রেফতার করে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জ থানায় গ্রেফতার ডাকাত দলের তিন সদস্য
রূপগঞ্জ থানায় গ্রেফতার ডাকাত দলের তিন সদস্য |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির মাধ্যমে লুট করা ৩২০ বস্তার মধ্যে আংশিক চিনি (৪৪ বস্তা) ও একটি ট্রাকসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) রোববার তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ ডাকাতদলের সদস্যদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মরহুম শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক ও পটুয়াখালী জেলার দুমকি থানার মরহুম মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়কে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চিনি ও একটি ট্রাকসহ ওই তিনজনকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ পরিচয়ে চিনি বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া বাকি চিনি উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।