সিলেটে নতুন ৫ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ২২৯ জন

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২২৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে ১০৫ জন, সিলেটে ৮৮ জন, সুনামগঞ্জে ৫১ জন এবং মৌলভীবাজারে ২১ জন আক্রান্ত হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
স্বাস্থ্য অধিদফতর, সিলেট
স্বাস্থ্য অধিদফতর, সিলেট |সংগৃহীত

সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে। তবে একই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় নয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন। ফলে কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে নতুন রোগী শনাক্ত হওয়ায় বিভাগে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২২৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে ১০৫ জন, সিলেটে ৮৮ জন, সুনামগঞ্জে ৫১ জন এবং মৌলভীবাজারে ২১ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নেয়া আটজন ডেঙ্গুরোগী রয়েছেন। এর মধ্যে বি-বাড়িয়া থেকে তিন, নেত্রকোনা থেকে দুই, বরিশাল থেকে এক, নোয়াখালী থেকে এক ও ফেনী থেকে একজন এসেছেন। চলতি বছরে ডেঙ্গুতে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস, বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানানো হয়েছে।