রাজধানীর সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে সাভার পৌরসভার স্থানীয় একটি মিলনায়তনে শিক্ষাশিবিরের উদ্বোধন করা হয়। আগামীকাল শনিবার (১৩ জুন) বিকেল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই শিক্ষাশিবিরের কার্যক্রম চলবে।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: মসিউল আলম।
তিনি বলেন, ‘আদর্শিক, সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের মাধ্যমে সংগঠনকে আরো সম্প্রসারিত ও মজবুত করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে ন্যায়, ইনসাফভিত্তিক ও মানবকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘সংগঠনের প্রতিটি স্তরে সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা, আনুগত্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে হবে। সহযোগী সদস্য বৃদ্ধি, কর্মী ও রুকনের মানোন্নয়ন, নিয়মিত সাংগঠনিক বৈঠক করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরো শক্তিশালী করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীদের অধিক ত্যাগ, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনের গণভিত্তি সুদৃঢ় করতে হবে।’
অ্যাডভোকেট মসিউল আলম আশা প্রকাশ করেন, ‘সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা আন্তরিকতা, নিষ্ঠা ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেইসাথে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আরো সক্রিয় ভূমিকা পালন করবেন।’
শিক্ষাশিবিরের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আখেরাতের প্রস্তুতির ওপর দারস পেশ করেন মাওলানা আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক আনুগত্য, পরামর্শ ও মোহাসাবার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। সংগঠনের নেতৃবৃন্দের সকল নির্দেশনা পুঙ্খানুরূপে পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ব্যারিস্টার নজরুল ইসলাম চলমান পরিস্থিতিতে সংগঠনের জনশক্তিদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। রুকনদের জ্ঞান অর্জন, বেশি বেশি আমল করা, প্রতিবেশীর হক আদায় করার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন রুকনদের উদ্দেশে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও রুকনদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মো: শাহাদাত হোসাইনসহ জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাছাইকৃত রুকনরা উপস্থিত ছিলেন।
শিক্ষাশিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চর্চা ও দায়িত্বশীলতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা করা হয়।



