রাণীনগরে ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নওগাঁর রাণীনগরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
অভিযুক্ত মোজাম্মেল হক মোজা (৭০)
অভিযুক্ত মোজাম্মেল হক মোজা (৭০) |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ৩য় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ উপজেলার পারইল বাজারে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে।

শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্কুলে যাওয়ার পর সহপাঠীদের সাথে পারইল বাজারে খাবারের জিনিস কিনতে মোজার দোকানে যায়। এ সময় অন্য সহপাঠীরা জিনিস কিনে ফিরে গেলেও দোকানদার মোজা তার মেয়েকে ডেকে দোকানঘরের মধ্যে নিয়ে যায়। এরপর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বৃদ্ধকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধ মোজাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধ মোজার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিশুর পরিবার।

বিকেল ৫টা নাগাদ এ রিপোর্ট লেখার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয়রা মোজাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।