চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আরমান চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো: হারুনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলার সময় শিশুটিকে জোরপূর্বক পাশের একটি খালি ঘরে টেনে নিয়ে ধর্ষণ করে আরমান। শিশুটির চিৎকারে খেলার সঙ্গীরা দরজা ধাক্কাধাক্কি করলে অভিযুক্ত দরজা খোলে এবং শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরে মাকে বিষয়টি জানায়। পরে স্থানীয় জনতা অভিযুক্ত আরমানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আনোয়ারা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।



