লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন জব্দ

নড়াইলের লোহাগড়ায় পাচারের সময় ৪০ বস্তা সরকারি সারসহ নসিমন জব্দ করে কৃষকদের মধ্যে উন্মুক্ত নিলামে বিক্রি করেছে প্রশাসন।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন জব্দ
লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন জব্দ |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে পাচারের সময় ৪০ বস্তা সরকারি সারসহ একটি নছিমন আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সার ও নসিমন জব্দ করে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ৪০ বস্তা সার নিয়ে একটি নসিমন লাহুড়িয়া বাজারের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে স্থানীয় জনতা গাড়িটি জব্দ করে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সারসহ নসিমনটি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে জব্দ করা সার ন্যায্যমূল্যে স্থানীয়দের মধ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার আলিম শেখের দোকানে নেয়ার জন্য ওই সার পরিবহন করা হচ্ছিল।

তবে অভিযোগের বিষয়ে আলিম শেখ বলেন, ‘এলাকায় সার সঙ্কট থাকায় এবং তার দোকানে সার না থাকায় নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের চার থেকে পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনযোগে লাহুড়িয়ায় নিয়ে আসছিলেন। পথিমধ্যে স্থানীয়রা গাড়িটি জব্দ করেন।’

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সারসহ নসিমনটি জব্দ করা হয়েছে। সার পরিবহনের বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত সারের সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে সরকারি ও বরাদ্দকৃত সার কালোবাজারে বিক্রি কিংবা অবৈধভাবে পরিবহন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Topics