মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি আবাসিক নারী মাদরাসা থেকে নিখোঁজের দুই সপ্তাহ পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ঢাকার সাভারের একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ রা: সৈয়দা গুলজান বেগম মহিলা মাদরাসার আবাসিক শাখায় থেকে পড়াশোনা করত। গত ৩ জুলাই দুপুরে নিজেদের পরিচয় গোপন করে এবং সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়ার কথা বলে তারা মাদরাসা থেকে বের হয়। এরপর থেকে তারা আর মাদরাসায় কিংবা নিজেদের বাড়িতে ফিরে আসেনি।
পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে পুলিশ। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের সাভার থেকে উদ্ধার করা হয়।



