নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ইলেকট্রিক কার (ই-কার) উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে ই-কার চালু করা একটি সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগ বলে আমি মনে করি। ক্যাম্পাসের গোলচত্বর থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয়ে এ ই-কার চক্রাকারে পরিচালিত হবে। এটি সবার যাতায়াতকে যেমন সহজ ও নিরাপদ করবে, তেমনি ক্যাম্পাসে কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।’
এ সময় ভিসি নোবিপ্রবিকে পরিবেশ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে বলে উল্লেখ করেন।
উদ্বোধনকালে অন্যান্যের মাঝে নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো: মফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পরিবেশবান্ধব ই-কার থেকে সম্পূর্ণ জিরো কার্বন নিঃসরণ হয় এবং এটি বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চললেও পরবর্তীতে সোলার প্যানেলের মাধ্যমে পরিচালনা করা যাবে।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ই-কারগুলো সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচল করবে।



