চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এরশাদ উল্লাহ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ আটজন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মির্জাপুরের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালক এরশাদ উল্লাহ মির্জাপুর ১ নম্বর ওয়ার্ড কুমারীকুল এলাকার রাজ্জাক আলী চৌধুরী বাড়ির তফাজ্জল আহমদের ছেলে।
হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সিএনজিযোগে হাটহাজারীতে যাচ্ছিল। পথে চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজিচালক এবং গুরুতর আহত হন শিক্ষার্থীসহ আটজন।
আহত আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
সিএনজিচালক এরশাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাপস কান্তি মজুমদার বলেন, নিহত এরশাদ ঘটনাস্থলেই মারা যায়।
নাজিরহাট হাইওয়ে পুলিশ কর্মকর্তা সাইফুদ্দীন জানান, ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।



