চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ‘খেলাধুলায় ব্যস্ত থাকলে তরুণ সমাজ মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে ও সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।’
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, ‘শিক্ষার্থীরা স্কুল ছুটির আগে বা পরে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে ও কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সন্তানদের প্রতি আপনাদের নিবিড় নজরদারিই তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।’
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী নতুন কুঁড়ি ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।’
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ওমর ফারুক নান্নুর সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তফা কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, নাজিম উদ্দীন শাহীন, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরিদ ও লেলাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



