ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা ও ছেলে ও নদী পার হওয়ার সময় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে ও বিকেলে পৃথক উপজেলায় এসব ঘটনা ঘটে।
এর মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রাঘাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই চন্দ্রের (২৩) মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বুধবার সকাল থেকে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসাথে পাশাপাশি পাট কাটছিলেন। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) শ্রী কবিন্দ্র রায় জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়।
এদিকে জেলার ভূল্লি উপজেলায় নদী পার হওয়ার সময় পানিতে ডুবে জুয়েল (৬০) নামে এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ভূল্লি উপজেলার ৫ নম্বর শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী (গোয়ালপাড়া) গ্রামের বাসিন্দা ও মরহুম তছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী, জুয়েল প্রতিদিনের মতো বুধবার সকালে পার্শ্ববর্তী গড়েয়া বাজারে দিন হাজিরা কাজের উদ্দেশ্যে যান। পরে স্থানীয় এক গৃহস্থ তাকে আরো কয়েকজন শ্রমিকের সাথে ধান রোপণের কাজে নিয়ে যান। দিনভর কাজ শেষে বিকেলে নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন তারা।
নদী পার হওয়ার একপর্যায়ে স্রোতে পানিতে তলিয়ে যান জুয়েল। বিষয়টি লক্ষ্য করে সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে জুয়েলের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন।
নিহতের ছোট ভাই মকবুল হোসেন জানান, তার ভাই জুয়েল সাঁতার জানতেন না। নদী পার হওয়ার সময় পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন।
বিষয়টি নিশ্চিত করে ভূল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহের কোনো তথ্য না পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



