বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজের সরকারি বেতনের অর্থ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন। পাশাপাশি দুই পরিবারের দুই সদস্যকে চাকরির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া সরকারি বেতনের একটি অংশ জেলার ছয়টি জুলাই শহীদ পরিবারের মধ্যে চারটি পরিবারকে নিয়মিত প্রদান করে আসছেন। এসব পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
এদিকে, সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরই ধারাবাহিকতায় তার সুপারিশে বোদা ও দেবীগঞ্জ উপজেলার দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে।
ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে যোগদান করেছেন সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন। একইভাবে দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাড়েয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে প্রতিমন্ত্রী দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীৎ শাহ বলেন, ‘প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশে জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলামকে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে।’
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘প্রতিমন্ত্রীর নির্দেশনা ও সুপারিশে জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে।’
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা যেমন ১৯৭১-এর চেতনাকে ধারণ করি, তেমনি ২০২৪-কেও ধারণ করি। সেই জায়গা থেকে শপথ নেয়ার পর সরকারি সম্মানী (বেতন) থেকে জেলার ছয়টি জুলাই শহীদ পরিবারের মধ্যে চারটি পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সহায়তা দিচ্ছি। পাশাপাশি দুই পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করেছি।’



