হোসেনপুরে হতাহত ২ যুবকের পরিচয় সনাক্ত

উপজেলার ডাহুরা গোলপুকুর পাড় তালিমুল উন্মাহ ইন্টারন্যাশনাল এতিমখানা মাদরাসার সামনের সড়কে প্রথমে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
হতাহত ২ যুবক
হতাহত ২ যুবক |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার পাশে পড়ে থাকা হতাহত দুই যুবকের পরিচয় সনাক্ত করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) ভোরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাহুরা গোলপুকুর পাড় তালিমুল উন্মাহ ইন্টারন্যাশনাল এতিমখানা মাদরাসার সামনের সড়কে প্রথমে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

এদের মধ্যে নিহত মো: রনি মিয়া (২৪) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কোনাবাড়ি গ্রামের ইসমত মিয়ার ছেলে। এবং গুরুতর আহত মো: আসিব মিয়া (২৮) একই উপজেলার বৈলর এলাকার আব্দুল বারেকের ছেলে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ভোরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাহুরা গোলপুকুর পাড় তালিমুল উন্মাহ ইন্টারন্যাশনাল এতিমখানা মাদরাসার সামনের সড়কে প্রথমে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায় এবং আহত যুবককে হাসপাতালে ভর্তি করে। এসময় গুরুতর আহত যুবকের পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে হতাহত ওই দুই যুবকের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

এরই ধারাবাহিকতায় নিহতের স্বজনদের দেয়া তথ্যমতে হতাহত ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করতেন। তারা মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন। পুলিশের ধারণা তাদেরকে মারধোর করে সাথে থাকা টাকা পয়সা ও মাছ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে হত্যা নিশ্চিত মনে করে হয়ত নির্জন রাস্তায় তাদের ফেলে রাখে। কিন্তু এদের একজন নিহত হলেও অন্যজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

তিনি বর্তমানে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছে। তিনি সুস্থ হলে হয়ত আসল রহস্য জানা যাবে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, নিহতের লাশের সুরতহালে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে আহত আসিবের মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া যে স্থান থেকে আহত আসিবকে উদ্ধার করা হয়েছে সেখানেও প্রচুর রক্ত ক্ষরণের চিহ্ন রয়েছে। তাই এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারেও সচেষ্ট রয়েছেন পুলিশ।