সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটের রায়নগরে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়
মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয় |নয়া দিগন্ত

সিলেটে নগরীর একটি বাসা থেকে আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী এবং এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে রক্তাক্ত লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সাত্তার ওই এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে পরিচিত। তার স্ত্রী মালু বেগমের বয়স আনুমানিক ৭৬ বছর। নিহত অপর তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। প্রাথমিকভাবে তাকে গৃহকর্মী হিসেবে ধারণা করছে পুলিশ। তবে উপস্থিত কয়েকজনের দাবি, ওই তরুণী আব্দুস সাত্তারের মেয়ে। তবে কোনো নিকট আত্মীয় ঘটনাস্থলে না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থ থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানায়, সকালে বাসার ভেতরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সকালের কোনো একসময় দুর্বৃত্তরা প্রাচীরঘেরা ওই বাসায় প্রবেশ করে তিনজনকে হত্যা করে পালিয়ে যায়। নিহতদের শরীরে আরো কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে হত্যাকাণ্ডের পর বাসার একটি বাথরুম ভেতর থেকে লক অবস্থায় পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা খুলে দেন। তবে বাথরুমের ভেতর থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর ঘাতকরা সেখানে গিয়ে হাত-মুখ ধুয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।