সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে দ্রুতগতির একটি স্লিপার কোচের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার (৩১ মে) সকাল ৬টার দিকে উপজেলার তাজপুর কদমতলা সংলগ্ন এম এ আজিজ ইনডোর গ্রাউন্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন— সড়কে দাঁড়িয়ে থাকা বাসের চালক ও নরসিংদী জেলার সাহেপ্রতাপ এলাকার মো: তাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০) ও বাসের হেলপার ইমন আহমদ (২০)। নিহত হেলপার ইমনের ঠিকানা জানা যায়নি। এছাড়া গুরুতর আহতরা হলেন— মো: মাসুম মিয়া (৪৫), ফাহিম (২০), আনাজ (২০) ও জহির (২৫)।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাতায়াত পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মহাসড়কের পাশে বাসটিকে দাঁড় করিয়ে চালক ও হেলপার বাস থেকে নেমে মেরামত করছিলেন। এ সময় সেন্টমার্টিন পরিবহনের একটি স্লিপার কোচ পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে একটি বাসের সামনের অংশ ও অপরটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা বাসের চালক ও হেলপার নিহত হন। এছাড়া এ সময় আরো অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠান।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



