নওগাঁর রাণীনগরে তিন ব্যবসায়ীকে পথরোধ ও মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সাখিদার ও রাণীনগর সদর বাজার এলাকার আনিছুর রহমান একটি অটো টমটম গাড়ি ভাড়া করে নাটোরে সুপারি ক্রয় করার জন্য যাচ্ছিলেন। এ সময় ভোর সাড়ে ৪টা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোশধারী ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে প্রায় ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী উত্তম ও গৌতম একই স্থানে পৌঁছালে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে রক্ষা পান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসাহাক আলীর ছেলে খোকন মন্ডল (৩৫), গোনা মধ্যপাড়া গ্রামের বাবু সরদারের ছেলে রাজু সরদার (২৫) ও বিষ্ণুপুর গ্রামের বাবু প্রামাণিকের ছেলে শাহিন কাদির (৪০) কে গ্রেফতার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।’



